পাকিস্তানি পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ: চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i100476-পাকিস্তানি_পরমাণু_কর্মসূচিতে_সহযোগিতার_অভিযোগ_চীনা_কোম্পানির_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা
পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত এক ডজন কোম্পানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০২১ ১৩:১৪ Asia/Dhaka
  • পাকিস্তানের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নাসর ক্ষেপণাস্ত্র
    পাকিস্তানের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নাসর ক্ষেপণাস্ত্র

পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত এক ডজন কোম্পানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না।

আমেরিকার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে উদ্বেগের কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে মার্কিন সরকার জানিয়েছে। এছাড়া, এসব কোম্পানি চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যে সমস্ত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের কোনো কোনোটি পাকিস্তানের পরমাণু কর্মসূচি অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে।

তাইওয়ান এবং বাণিজ্য ইস্যুতে যখন চীন ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা চলছে তখন ওয়াশিংটন বেইজিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করল।

মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রেইমণ্ডো এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার কারণে চীন এবং রাশিয়ার সামরিক অগ্রগতি প্রতিরোধ করা যাবে। এছাড়া, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে যে নিরাপত্তাহীনতার প্রশ্ন রয়েছে সেখানেও কাজ করবে এই নিষেধাজ্ঞা।

এদিকে বেইজিং বলেছে, সম্প্রতি আমেরিকা এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে প্রতিষ্ঠিত সমঝোতা লঙ্ঘন করে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।