এখনও কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের সুযোগ রয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i103624-এখনও_কূটনৈতিক_উপায়ে_ইউক্রেন_সংকট_সমাধানের_সুযোগ_রয়েছে_রাশিয়া
রাশিয়া বলেছে, ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট এখনও কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে। দেশটি আরো বলেছে, ইউক্রেন যদি ন্যাটো জোটের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা নেয় তাহলে মস্কোও ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৮:০৩ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝোভ
    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝোভ

রাশিয়া বলেছে, ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট এখনও কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে। দেশটি আরো বলেছে, ইউক্রেন যদি ন্যাটো জোটের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা নেয় তাহলে মস্কোও ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝোভ এক সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি একইসঙ্গে বলেন, উত্তেজনার মধ্যে রোমানিয়া ও পোল্যান্ডে ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতয়েনের দিকে গভীর নজর রাখছে মস্কো। 
রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে আমেরিকা। তবে রাশিয়া এই পরিকল্পনার ঘোর বিরোধিতা করে বলেছে, পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার মস্কোর কাছ গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এই শক্ত অবস্থানের কারণে ওয়াশিংটন মনে করছে, ইউক্রেন দখল করে ন্যাটোর পরিকল্পনা ব্যর্থ করে দিতে চায় রাশিয়া।
ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া; যদিও মস্কো বলছে ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। তবে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, অচিরেই ইউক্রেনে হামলা করবে রাশিয়া এবং এই হামলার জন্য প্রয়োজনীয় সেনার প্রায় ৭০ শতাংশকে এরইমধ্যে ইউক্রেন সীমান্তে জড়ো করা হয়েছে। এসব সেনার কিছু সংখ্যককে ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে মোতায়েন করেছে রাশিয়া। 
ইইউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝোভ তার সাক্ষাৎকারে বলেছেন, সামরিক মহড়া শেষ হলে এসব সেনাকে তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হবে। রুশ সরকার বলেছে, ইউক্রেন সংকট ও পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনার কারণে এবারের সামরিক মহড়া হবে অন্যান্য বছরের তুলনায় বড় ও বিস্তৃত। আজ (বৃহস্পতিবার) আরো পরে এই মহড়া শুরু হবে বলে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানালেও মহড়ায় কত সংখ্যক সৈন্য অংশ নেবে তা তিনি জানাননি

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো অনুমান করছে, মহড়ায় প্রায় ৩০ হাজার সৈন্য এবং অন্য সব অত্যাধুনিক সমরাস্ত্রের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র অংশ নিচ্ছে। পশ্চিমা দেশগুলো দাবি করছে, শীতল যুদ্ধ শেষ হওয়ার পর এ ধরনের মহড়ায় এই প্রথম এত বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করা হয়েছে।# 

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন