ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের হুমকি ও আল্টিমেটাম বিফলে যাবে: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i103676-ইউক্রেন_ইস্যুতে_পাশ্চাত্যের_হুমকি_ও_আল্টিমেটাম_বিফলে_যাবে_ল্যাভরভ
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর হুমকি বা চূড়ান্ত সময়সীমা কোনো কাজে আসবে না বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, রাশিয়াকে আল্টিমেটাম ও হুমকি দিয়ে কোনো কাজ হবে না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১১:১০ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী
    রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর হুমকি বা চূড়ান্ত সময়সীমা কোনো কাজে আসবে না বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, রাশিয়াকে আল্টিমেটাম ও হুমকি দিয়ে কোনো কাজ হবে না।

তিনি বৃহস্পতিবার মস্কো সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর আচরণকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে অভিযোগ করেন ল্যাভরভ।
আন্তর্জাতিক পানিসীমায় এবং বেলারুশে রাশিয়া যেসব সামরিক মহড়া চালাচ্ছে সে সম্পর্কে পশ্চিমা দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরো বলেন, বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের নিজের ইচ্ছা অনুযায়ী সামরিক মহড়া চালানোর অধিকার রয়েছে। তিনি বেলারুশে চলমান মহড়াকে ‘আত্মরক্ষামূলক’ অভিহিত করে বলেন, মহড়া শেষে রাশিয়ার সেনারা তাদের ঘাঁটিগুলোতে ফিরে আসবে। 
রাশিয়া গতকাল ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে স্বাগতিক দেশের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে। রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় বলে পশ্চিমা দেশগুলো যখন হুঁশিয়ারি উচ্চারণ করেছে তখন এ মহড়া শুরু করেছে রাশিয়া।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সম্প্রতি বলেছিলেন, বেলারুশের সম্ভাব্য মহড়ায় রাশিয়ার ৩০ হাজার সৈন্যর পাশাপাশি এসইউ যুদ্ধবিমান, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র অংশ নেবে।  
এদিকে ইউক্রেনও বৃহস্পতিবার তার নিজস্ব সামরিক মহড়া শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার মহড়ার মতো ইউক্রেনের মহড়াও ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।