পশ্চিমাদের প্রচারণার কারণে এই পদক্ষেপ বলে দাবি
অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের দেশে ফেরানোর খবর দিল রাশিয়া
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমাদের উত্তেজনা সৃষ্টিকারী প্রচারণার মধ্যে ইউক্রেনে নিযুক্ত নিজের কূটনীতিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক বিবৃতিতে বলেছেন, “কিয়েভ সরকার বা তৃতীয় কোনো দেশের সম্ভাব্য উসকানির আশঙ্কায় আমরা ইউক্রেনে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।”
জাখারোভা বলেন, ইউক্রেনস্থ রুশ দূতাবাস ও কনস্যুলেটগুলো তাদের গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজ চালিয়ে যাবে এবং এসব কাজ করার মতো প্রয়োজনীয় লোকবল এসব কূটনৈতিক মিশনে থাকবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কিয়েভ সরকারের ওপর ওয়াশিংটন ও লন্ডনের ব্যাপক প্রভাবের কথা বিবেচনা করে একথা বলা যায়, আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে এমন কিছু সহিংস ঘটনার প্রস্তুতির কথা জানে যা ঘটলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে জটিল হয়ে উঠবে।
এর আগে কিয়েভের রুশ দূতাবাস বলেছিল, তারা অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করে দেখছে। আমেরিকা ও ব্রিটেনসহ বিশ্বের অন্তত এক ডজন দেশ ইউক্রেন থেকে তাদের নাগরিকদের দেশ ফেরার আহ্বান জানিয়েছে। এর ফলে ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা বেড়ে গেছে; যদিও মস্কো এ ধরনের সম্ভাব্য হামলার দাবি নাকচ করে দিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/এআর/১৩