তৃতীয় দফা আলোচনায় বসতে চায় রাশিয়া-ইউক্রেন
প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: পুতিন
-
ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে। আমি মনে করি, কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়, সবার সে বিষয়ে ভাবা উচিত।”
আজ (শুক্রবার) মস্কোর বাইরে নিজের প্রাসাদ থেকে অনলাইনে দেওয়া এক টেলিভিশন বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সমালোচনা করে ভ্লাদিমির পুতিন বলেন, “যারা সহযোগিতার পথ বেছে না নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এসব নিষেধাজ্ঞায় আমরাই সুবিধা পাব। আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না।”
তিনি বলেন, “এখন পর্যন্ত রুশ সামরিক বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে, তার সবই একচেটিয়াভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে গ্রহণ করা কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।”
পুতিন আরও বলেন, "রাশিয়া ইউক্রেনের পাশাপাশি যারা ইউক্রেনে শান্তি চায় তাদের সবার সাথে আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনা হবে রাশিয়ার দাবিগুলোর পূরণ করার শর্তে।“
এর আগে গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাথে টেলিফোন আলাপের পর দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, নিরাপত্তা নিয়ে রাশিয়ার ‘বৈধ’ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।
ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী ইউক্রেনে হামলা বন্ধের জন্য তিনটি শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ফরাসি প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ‘ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসীমুক্তকরণের সমাধান হতে হবে এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে।’
তৃতীয় দফা আলোচনায় বসতে চায় রাশিয়া-ইউক্রেন
সংকট অবসানের লক্ষ্যে এই সপ্তাহান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল তৃতীয় দফা আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।
মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, 'তৃতীয় দফার আলোচনা আগামীকাল বা পরশু হতে পারে। আমরা ক্রমাগত যোগাযোগ করছি।'
গত সোমবার বেলারুশে দুই পক্ষের প্রথম দফা আলোচনায় খুব সামান্য অগ্রগতি হয়। পরে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফা আলোচনায় ইউক্রেনে যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সম্মত হয় দুই পক্ষ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩