ইউক্রেন ইস্যু নিয়ে পাকিস্তানকে চিঠি
“আমরা কি আপনাদের গোলাম?”: পাশ্চাত্যকে ইমরান খানের জিজ্ঞাসা
-
ইমরান খান (ফাইল ফটো)
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বানের পর পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল (রোববার) তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, তারা পাকিস্তানকে গোলাম মনে করে কিনা।
এর আগে, গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোসহ ২২টি দেশের রাষ্ট্রদূত যৌথ চিঠি দিয়ে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে সমর্থন দেয়ার আহ্বান জানায়। এই ধরনের প্রকাশ্য চিঠি দেয়ার ঘটনা অনেকটা নজিরবিহীন এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
গতকাল এক রাজনৈতিক সমাবেশ বক্তৃতা করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওই চিঠি প্রসঙ্গে বলেন, "আপনারা আমাদেরকে কি মনে করেন? আপনারা কী মনে করেন যে, আপনারা যা বলবেন তাই আমরা শুনব?"
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর গত ২ মার্চ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। এই প্রস্তাবে চীন, ভারত ও ইরানসহ যে ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল, পাকিস্তান তার অন্যতম। পাকিস্তানকে পশ্চিমা দেশগুলোর প্রথাগত মিত্র বলে মনে করা হয়।
পশ্চিমা দেশগুলোর চিঠি সম্পর্কে ইমরান খান গতকালের সমাবেশে আরো বলেন, "আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদেরকে জিজ্ঞেস করতে চাই- আপনারা কি ভারতকে এই ধরনের চিঠি দিয়েছেন?" তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের ভূমিকার নিন্দা জানায়নি ইউরোপীয় দেশগুলো।
ইমরান খান সুস্পষ্ট করে বলেন, “আফগান ইস্যুতে ন্যাটো জোটকে সমর্থন দিয়ে পাকিস্তান দুর্ভোগের শিকার হয়েছে এবং প্রতিদান স্বরূপ নিন্দাবাদ পেয়েছে।”
ইমরান খান বলেন, "আমরা রাশিয়ার বন্ধু, আমরা আমেরিকারও মিত্র। আমাদের সাথে যেমন চীনের বন্ধুত্ব রয়েছে, তেমনি ইউরোপের সঙ্গেও আমাদের বন্ধুত্ব আছে। আমরা কোনা দেশের ঘাঁটি নই। আমরা নিরপেক্ষ থাকব এবং যারা এই যুদ্ধ অবসানের চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করব।”
এর আগে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো যে চিঠি দিয়েছে তা কোনো স্বাভাবিক কূটনৈতিক চর্চা নয়।
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে যখন আশঙ্কা বাড়ছিল তখন গত মাসের শেষ দিকে ইমরান খান কয়েকজন সরকারি কর্মকর্তা নিয়ে রাশিয়া সফর করেন।#
পার্সুটডে/এসআইবি/৭