‘আমাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদলকে মদদ দিচ্ছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i106068-আমাকে_ক্ষমতাচ্যুত_করতে_বিরোধীদলকে_মদদ_দিচ্ছে_আমেরিকা’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা বিরোধীদলকে লেলিয়ে দিয়েছে এবং এর অংশ হিসেবে জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২২ ০৭:১৬ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা বিরোধীদলকে লেলিয়ে দিয়েছে এবং এর অংশ হিসেবে জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে আমেরিকা।

গতকাল (শনিবার) পাকিস্তানে কর্মরত একদল বিদেশি সাংবাদিকের সঙ্গে আলাপের সময় ইমরান খান এসব কথা বলেন। এই কয়েকদিন আগে তিনি কোন দেশের নাম উল্লেখ না করে অভিযোগ করেছিলেন যে. একটি বিদেশি শক্তি তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তখন স্পষ্টত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছিলেন।

ইমরান খান বলেন, আমেরিকার পদক্ষেপ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মকভাবে হস্তক্ষেপ। আজ পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। তার আগ মুহূর্তে ইমরান খান তাকে উৎখাত করার জন্য সরাসরি আমেরিকার বিরুদ্ধে অভিযোগ আনলেন। তিনি বলেন, পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য আমেরিকা অর্থের জোগান দিচ্ছে।

পাকিস্তান যদিও সব সময় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেছে তবে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব তৈরি হয়। ইমরান খান বলছেন, আমেরিকার বেশ কিছু দাবি মেনে না নেয়ায় এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে।#

পার্সটুডে/এসআইবি/৩