জটিল অবস্থার মধ্যে পাকিস্তানের জাতীয় রাজনীতি
https://parstoday.ir/bn/news/world-i106080-জটিল_অবস্থার_মধ্যে_পাকিস্তানের_জাতীয়_রাজনীতি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ বিষয়ে এরইমধ্যে প্রেসিডেন্টর কার্যালয় থেকে নোটিশ জারি করা হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সেখানে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২২ ১১:৩৩ Asia/Dhaka

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ বিষয়ে এরইমধ্যে প্রেসিডেন্টর কার্যালয় থেকে নোটিশ জারি করা হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সেখানে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলগুলো সংসদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে কিন্তু শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা আজ (রোববার) বাতিল করে দেন।  আজই ওই প্রস্তাবের ওপর জাতীয় সংসদে ভোটাভুটির কথা ছিলআর তাতে ইমরান খানের ক্ষমতা হারানোর জোরালো আশঙ্কা ছিল।

অনাস্থা প্রস্তাব পাস হতে বিরোধীদের প্রয়োজন ছিল ১৭২ এমপির সমর্থন। কিন্তু তাদের হাতে জমা ছিল ১৯৯ এমপির সমর্থন। ফলে ভোট হলে বিরোধীরা জিতে যেতেন। ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অসাংবিধানিক বলে আখ্যায়িত করে প্রস্তাবকে বাতিল করে দেন। এর পরপরই প্রধানমন্ত্রী বিস্ময়করভাবে প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দেন

জাতীয় সংসদ ও ইমরান খান

জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেছেন, এই অনাস্থা প্রস্তাব সংবিধানের ৫ ধারা অনুযায়ী অসঙ্গতিপূর্ণ, সাংঘর্ষিক। এর কিছুক্ষণ পরেই জাতীয় পরিষদ বা সংসদ বিলুপ্ত করতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দেন ইমরান খান। ডেপুটি স্পিকারের ভূমিকায় বিরোধীদলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরান খান

এদিকে, বিরোধীদলের অন্যতম নেতা বিলওয়াল ভূট্টো বলেছেন, তারা নতুন নির্বাচনে ইমরান খানকে পরাজিত করতে প্রস্তুত। তবে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি বাতিল করার বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন তারা। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে দেশটির রাজনীতি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে।# 

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।