ইউক্রেনে আরো ৩০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i106084-ইউক্রেনে_আরো_৩০_কোটি_ডলারের_সামরিক_সরঞ্জাম_পাঠাবে_আমেরিকা
ইউক্রেনে আরো ৩০ কোটি ডলার মূল্যের যুদ্ধ-সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। এরমধ্যে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২২ ১২:০৫ Asia/Dhaka
  • ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা (৮ মার্চের ছবি)
    ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা (৮ মার্চের ছবি)

ইউক্রেনে আরো ৩০ কোটি ডলার মূল্যের যুদ্ধ-সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। এরমধ্যে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

গতকাল (শুক্রবার) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন করে এইসব সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণার মধ্যদিয়ে এ কথা পরিষ্কার হচ্ছে যে, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার জন্য তারা রাশিয়ার বিরুদ্ধে যে বীরত্বপূর্ণ যুদ্ধের পথ বেছে নিয়েছে তার প্রতি আমেরিকার সমর্থন অটুট রয়েছে।

জন কিরবি জানান, ইউক্রেনকে নতুন করে যে সামরিক সহায়তা প্যাকেজ দেয়া হচ্ছে তাতে লেজার গাইডেড রকেট সিস্টেম, সুইচব্লেড ট্যাক্টিক্যাল ড্রোন এবং ক্ষেত্রবিশেষে কিছু সাঁজোয়া যান দেয়া হবে। এর পাশাপাশি গোয়েন্দাবৃত্তি ও তথ্য সংগ্রহের জন্য পুমা ড্রোন, ছোট এবং বৃহৎ আকারের গোলা, নাইট ভিশন ডিভাইস, মেশিনগান যোগাযোগ সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রী দেয়া হবে।

গত মাস থেকে এ পর্যন্ত মার্কিন সরকার ইউক্রেনকে ২৩০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এই অভিযানের বিরোধিতা করলেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পারছে না। রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে গেলে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩