জীবাণু ও রাসায়নিকসহ সব ধরণের গণবিধ্বংসি অস্ত্র ধ্বংসের আহ্বান চীনের
চীন যত দ্রুত সম্ভব জীবাণু ও রাসায়নিক অস্ত্রসহ সব ধরনের ব্যাপক গণবিধ্বংসি অস্ত্র ধ্বংসের জন্য এ অস্ত্রের অধিকারী সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধির সহকারী ড্যান বিংগ ইউক্রেনে জীবাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের প্রতি বেইজিংএর পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। তিনি আরো বলেছেন, তার দেশ যে কোনো দেশে জীবাণু ও রাসায়নিক অস্ত্রসহ যে কোনো গণবিধ্বংসি অস্ত্র উৎপাদন, মজুদ ও যে কোনো পরিস্থিতিতে তা ব্যবহারের ঘোর বিরোধী।
নিরাপত্তা পরিষদের এ বৈঠকে উপস্থিত রুশ প্রতিনিধি ওয়াসিলি নাবানজিয়াও বলেছেন, ইউক্রেনে জীবাণু অস্ত্র কার্যক্রমের বিষয়ে তদন্ত কাজে যারা সহযোগিতা করতে চায় তাদের ব্যাপারে নিরাপত্তা পরিষদের কাছে তথ্য সরবরাহ করবে। তিনি বিশ্ব থেকে ব্যাপক গণবিধ্বংসি অস্ত্র ধ্বংসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আরো বলেছেন, ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষার বিষয়টি সেদেশে রাশিয়ার সামরিক হামলার ক্ষেত্র প্রস্তুত করেছে।
রুশ সরকার সম্প্রতি বহুবার বলেছে তাদের কাছে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যা থেকে প্রমাণিত হয় আমেরিকা ইউক্রেনের মাটিতে গণবিধ্বংসি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ সংক্রান্ত বহু তথ্যপ্রমাণ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামীতে আরো তথ্য উত্থাপন করা হবে।
পর্যবেক্ষকরা বলছেন, তথ্য প্রমাণ দিয়ে রাশিয়ার এ সংক্রান্ত অভিযোগ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মার্কিন সরকার অন্য দেশে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালিয়ে মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। নতুন নতুন এ ধরণের অস্ত্রের পরীক্ষা ও উৎপাদন করে আমেরিকা মূলত আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তবে রাশিয়া প্রমাণ সহকারে অভিযোগ উত্থাপন করলেও জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি তা অস্বীকার করেছেন এবং এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ইউক্রেনের মাটিতে আমেরিকার জীবাণু অস্ত্র পরীক্ষার ব্যাপারে রাশিয়া উত্থাপিত তথ্য-প্রমাণ স্বাধীনভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।