মার্কিন প্রতিনিধি পরিষদে ‘অমনিবাস বিল’ পাস
https://parstoday.ir/bn/news/world-i117560-মার্কিন_প্রতিনিধি_পরিষদে_অমনিবাস_বিল’_পাস
সামরিক সহায়তা হিসেবে ইউক্রেন পাচ্ছে সাড়ে চার হাজার কোটি ডলার ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে সাড়ে চার হাজার কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে। বিপুল অর্থের এই সহায়তা প্যাকেজ পাসের মধ্য দিয়ে আমেরিকা ইউক্রেন যুদ্ধে আরো
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১২:৫১ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদে ‘অমনিবাস বিল’ পাস

সামরিক সহায়তা হিসেবে ইউক্রেন পাচ্ছে সাড়ে চার হাজার কোটি ডলার ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে সাড়ে চার হাজার কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে। বিপুল অর্থের এই সহায়তা প্যাকেজ পাসের মধ্য দিয়ে আমেরিকা ইউক্রেন যুদ্ধে আরো

গভীরভাবে জড়িয়ে গেল, যদি বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া।

গতকাল (শুক্রবার) মার্কিন প্রতিনিধি পরিষদে এই সহায়তা প্যাকেজ চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। আমেরিকার সরকারি খরচ বাবদ যে ১.৬৬ ট্রিলিয়ন ডলারের অমনিবাস বিল পাস করা হয়েছে তা থেকে ইউক্রেনকে এই অর্থ দেয়া হবে।

এই বিল পাসের ফলে আমেরিকার সরকারের খরচ আটকে যাওয়ার যে আশংকা ছিল তা মুক্ত হলো। পাশ হওয়া অর্থের মধ্যে ৮৫৮ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় হবে, বাকি ৭৭২.৫ বিলিয়ন ডলার ব্যয় হবে অভ্যন্তরীণ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে।

বিরোধী রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ের নেতারা এই বিলের বিপক্ষে কথা বললেও এ দলেরই কয়েকজন সদস্য এতে সমর্থন দেয়ার কারণে তা পাস হয়েছে। বিলের পক্ষে ভোট পড়ে ২২৫টি এবং বিপক্ষে পড়েছে ২০১ ভোট।

বিলটি আগেই সিনেটে পাস হয়েছে। ফলে প্রেসিডেন্ট জো বাইডেন এতে সই করলেই তা আইনে পরিণত হবে। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি এই বিলে সই করবেন।

আগামী ৩ জানুয়ারি রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের কর্তৃত্ব গ্রহণ করবে। তার আগে এই বিল পাস করার মধ্য দিয়ে বাইডেন প্রশাসন ইউক্রেনকে বিপুল অংকের অর্থ সহায়তা দেয়ার সুযোগ করে নিল। রিপাবলিকান দলের নেতারা আগেই বলে রেখেছেন, তারা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ার পর ইউক্রেনকে বিনা হিসেবে কোনো অর্থ দেবেন না।#

পার্সটুডে/এসআইবি/২৪