মেসির রেকর্ডের দিনে যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা
-
ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিচ্ছেন লিওনেল মেসি
স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। এ ম্যাচে লিওনেল মেসি ও এজিকিয়েল লাভেজ্জি একটি করে গোল করেছেন। আর গঞ্জালো হিগুয়েন করেছেন দুটি গোল।
আর্জেন্টিনার জয়ের রাতে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড মেসি। আর্জেন্টিনার হয়ে ১১২ ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা এখন ৫৫টি। এর মাধ্যমে গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি এবার নিজের করে নিলেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজান আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। স্কোয়াডে থাকলেও অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরের মাঠে নামা হয়নি। খেলা শুরুর তিন মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। মেসির পাস থেকে হেডে বল জালে পাঠান লাভেজ্জি। ৩২ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে রেকর্ড গড়া গোল উল্লাসে মাতেন মেসি।
দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় তিনি স্কোরশিটে নাম লেখান হিগুয়েইন। আর নির্ধারিত সময়ের চার মিনিট আগে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই নাপোলি স্ট্রাইকার। যার নেপথ্য কারিগর ছিলেন মেসি।
২৩ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে আর মাত্র একটি জয় দূরে আলবিসেলেস্তেরা। এবারও উত্তেজনাপূর্ণ চিলি-আর্জেন্টিনা ফাইনাল উপভোগ করতে পারেন দর্শকরা। গত বছর আর্জেন্টাইনদের কাঁদিয়ে প্রথমবারের মতো শিরোপা উল্লাস করেছিলেন আলেক্সিস সানচেজরা।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি। বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে। ওই ম্যাচে জয়ী দলের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষে ২৭ জুন মাঠে নামবে মেসির দল।#
পার্সটুডে/এআর/২২