কলম্বিয়াকে ২-০ গোলে হারাল চিলি, ফাইনালে আবার প্রতিপক্ষ আর্জেন্টিনা
https://parstoday.ir/bn/news/world-i12763-কলম্বিয়াকে_২_০_গোলে_হারাল_চিলি_ফাইনালে_আবার_প্রতিপক্ষ_আর্জেন্টিনা
কোপা আমেরিকার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পেয়ে গেছে গতবারের শিরোপাজয়ী চিলি। আগামী ২৭ জুন শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ২৩, ২০১৬ ১২:১০ Asia/Dhaka
  • চিলির খেলোয়াড়কে উল্লাস
    চিলির খেলোয়াড়কে উল্লাস

কোপা আমেরিকার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পেয়ে গেছে গতবারের শিরোপাজয়ী চিলি। আগামী ২৭ জুন শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।

আসরের প্রথম সেমিফাইনালে স্বাগতিক আমেরিকাকে ৪-০ গোলে উড়িয়ে একদিন আগে ফাইনালের টিকিট কাটে লিওনেল মেসির দল। ২০১৫ সালের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৮-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল চিলি।

বৃহস্পতিবার কোপার শতবর্ষী আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলম্বিয়া ও চিলি। ৭ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন চিলির মিডফিল্ডার চার্লস অ্যারানগুইজ। তিন মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে দেন হোসে ফুয়েনজালিদা। আলেক্সিস সানচেজের জোরালো শট ফিরে এসেছিল গোলপোস্টে লেগে। ফিরতি বলটাই জালে জড়িয়ে দেন ফুয়েনজালিদা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চিলি।

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান চিলির মিডফিল্ডার চার্লস অ্যারানগুইজ 

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বিরতিতে যায় অ্যালেক্সিচ সানচেজের চিলি। এরপর নামে বৃষ্টি। ২ ঘণ্টা ৪০ মিনিট পরে খেলা শুরু হলে ৫৭ মিনিটে কার্লোস আলবার্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে কলম্বিয়া পরিণত হয় ১০ জনের দলে। এই ধাক্কা তার আর কাটিয়ে উঠতে পারেনি রিয়াল তারকা হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ৭১ মিনিটের মাথায় কলম্বিয়া অবশ্য পেয়েছিল একটি গোল শোধের সুযোগ। কিন্তু সেই গোল প্রচেষ্টা দারুণভাবে রুখে দিয়েছেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

বাকি সময়ে চিলিও কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিজ্জির শিষ্যরা।

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে গ্রেনডেইলে বাংলাদেশ সময়ে রোববার ভোরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কলম্বিয়া।#

 

পার্সটুডে/এআর/২৩