লাশ ফিরিয়ে দাও- দাবি জানাল নিহত ফিলিস্তিনিদের স্বজনরা
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের লাশ ফিরিয়ে দেয়ার জন্য তেল আবিবের কাছে দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা। এ ভাবে লাশ আটকে রাখার ঘটনাকে নিহত ব্যক্তি এবং তার পরিবারের প্রতি নির্যাতন হিসেবে অভিহিত করেছেন তারা।
ইসরাইলের বন্দর নগরী জাফনার আবু কবির ইন্সটিটিউট অব ফরেনসিক মেডিসিনের বাইরে নিহত ফিলিস্তিনিদের পরিবারবর্গ সমবেত হয়েছিলেন। এ সময়ে তাদের হাতে ছিল নিহত ফিলিস্তিনিদের ছবি এবং তাদেরকে হত্যা করার তারিখ সংবলিত প্লাকার্ড।
এ সব প্লাকার্ডের কোনো কোনোটিতে লেখা ছিল, সমষ্টিগত শান্তি মানি না, আমাদের সন্তানদের ফিরিয়ে দাও। এ ছাড়া যে সব ফিলিস্তিনিদের যে সব লাশ ইহুদিবাদী ইসরাইলিরা আটকে রেখেছে তাদের নাম, নিহত হওয়ার তারিখসহ তালিকাও ছিল কারো কারো হাতে।

ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের এক আরব সদস্যও এ বিক্ষোভে অংশ গ্রহণ করেছেন।
স্বজনহারা ফিলিস্তিনি পরিবারগুলো তাদের প্রিয়জনদের লাশ ফিরে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৩