যুদ্ধের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভকে সরিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i127688-যুদ্ধের_মধ্যে_প্রতিরক্ষামন্ত্রী_রেজনিকভকে_সরিয়ে_দিলেন_ইউক্রেনের_প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতরাতে (রোববার রাতে) জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি এ কথা জানান।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ০৬:৫৬ Asia/Dhaka
  • রেজনিকভকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন জেলেনস্কি
    রেজনিকভকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতরাতে (রোববার রাতে) জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি এ কথা জানান।

ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত রয়েছে তখন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন জেলেনস্কি। রেজনিকভকে বরখাস্ত করার সরাসরি কোনো কারণ উল্লেখ করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট; তবে দুর্নীতির দায়ে তাকে সরিয়ে দেয়া হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে থেকেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওলেকসি রেজনিকভ।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে ওলেকসি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন তিনি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে রুস্তেম উমেরভের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন পন্থা দরকার, যাতে সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে এই মন্ত্রণালয় সমন্বয় ঘটাতে পারে।”

আন্তর্জাতিক অঙ্গনে ৫৭ বছর বয়সী ওলেকসি রেজনিকভ বেশ পরিচিত একজন ব্যক্তি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাকে পশ্চিমা মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।