রাশিয়ার বিরুদ্ধে বিজয় একটি উচ্চ আকাঙ্খা: মার্কিন সেনাপ্রধানের মুখে হতাশার সূর!
মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে দ্রুত সময়ে একটা ফলাফল বের করে আনা অসম্ভব বিষয়। পাশাপাশি এই যুদ্ধে ইউক্রেনের বিজয় একটি "খুব উচ্চ আকাঙ্খা " এবং এতে "দীর্ঘ সময়" লাগবে বলেও মন্তব্য করেন তিনি ।
যাইহোক যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বাধা দিয়েছেন এবং দাবি করেছেন যে মস্কো শান্তির ব্যাপারে তেমন আন্তরিক নয়। তিনি বিশ্বাস করেন যে ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রাশিয়াকে বিতাড়িত করার মাধ্যমেই ভালো ফলাফল অর্জিত হতে পারে। তবে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান যিনি এই সেপ্টেম্বরের শেষে অবসর নেবেন তিনি বলেছেন, ইউক্রেন থেকে রাশিয়ার সম্পূর্ণ প্রত্যাহার করার যে লক্ষ্য কিয়েভ ঠিক করেছে সেটি সম্ভব হবে না। মিলি আগেই ঘোষণা করেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এই পাল্টা আক্রমণে ফলাফল অর্জন করতে হলে ধৈর্য ধরতে হবে।
মিলি বলেছেন, ইউক্রেনে দুই লাখেরও বেশি রুশ সৈন্য রয়েছে। ইউক্রেনীয় পাল্টা আক্রমণ যদিও তাৎপর্যপূর্ণ, সীমিত আকারে অভিযান এবং এসবের কৌশলগত উদ্দেশ্য রয়েছে। এমনকি ইউক্রেনীয়রা তাদের লক্ষ্য অর্জন করলেও তারা এখনও তাদের দেশ থেকে রাশিয়ান বাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে সক্ষম হবে না। কারণ এটি একটি বিস্তৃত কৌশলগত লক্ষ্য যা শুধুমাত্র ভলোদিমির জেলেনস্কি অনুসরণ করেছেন।
রাশিয়ার সাথে বর্তমান যুদ্ধে ইউক্রেনের বিজয় সম্পর্কে শীর্ষ স্থানীয় এই মার্কিন সামরিক কর্মকর্তার হতাশার অভিব্যক্তি থেকে এটা বোঝা যাচ্ছে যে কিয়েভের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে রাশিয়ান বাহিনীর অবস্থানের বিরুদ্ধে ব্যাপক পাল্টা আক্রমণে কিয়েভ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউস স্বীকার করেছে যে তারা ইউক্রেনের যুদ্ধে ১১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। পশ্চিমারা কিয়েভকে উন্নত সরঞ্জাম সরবরাহের বন্যা বইয়ে দেয়া সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে রাশিয়ার বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি এবং বরং নিজেরাই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
বিখ্যাত মার্কিন সাংবাদিক সেমুর হার্শ একজন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে জানিয়েছে যে ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণ কাজ করছে না এবং রাশিয়ার পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষা বুুহ্য ভেদ করে খুব বেশি অগ্রসর হতে পারে নি এবং ইউক্রেনের এই ধীর অগ্রগতি পশ্চিমা মিত্রদের উদ্বিগ্ন করে তুলেছে।
এছাড়া ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ রোববার একটি সাক্ষাৎকারে সতর্ক করে দিয়েছেন যে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে কারণ রাশিয়ার বিরুদ্ধে দেশটির পাল্টা আক্রমণ খুব কমই অর্জিত হয়েছে। স্টলটেনবার্গ আরো বলেছেন: "আমাদের অবশ্যই ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।"
একই সময়ে, ইউক্রেনের পাল্টা আক্রমণ অকার্যকর হওয়ার উপর জোর দিয়ে রাশিয়া ঘোষণা করেছে যে ইউক্রেনের বাহিনী ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তারা ব্যাপক সংখ্যক সামরিক সরঞ্জাম হারিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে জুনে পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৭১,০০০ সৈন্য হারিয়েছে। ইউক্রেনীয় সূত্র অনুসারে কিছু ইউনিট তাদের জনবলের ৯০ ভাগ সৈন্য হারিয়েছে।
ইউক্রেন যুদ্ধের এই হতাশাজনক পরিসংখ্যান সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো বাহিনী এখনও ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রাখতে চায়। এ বিষয়ে স্টলটেনবার্গ জোর দিয়ে বলেছিলেন যে ন্যাটো একটি সামরিক সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবে এবং এতে কূটনৈতিক কোনো সমাধান নেই। ন্যাটো মহাসচিব বলেছিলেন, "আমরা সবাই দ্রুত শান্তি কামনা করি। "তবে একই সময়ে আমাদের মেনে নিতে হবে যে জেলেনস্কি এবং ইউক্রেনীয়রা যুদ্ধ বন্ধ করলে তাদের দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে এবং পুতিন এবং রাশিয়া তাদের অস্ত্র রেখে দিলেই কেবল আমরা শান্তি পাব।"#
পার্সটুডে/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।