ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘গাজাবাসীর এই তাজা রক্ত ইসরাইলের পতন ত্বরান্বিত করবে’
-
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বরতায় নিরপরাধ গাজাবাসীর যে রক্ত ঝরছে তাতে ইসরাইলের পতন ত্বরান্বিত হবে। তিনি বলেন, ইসরাইল তার লজ্জাজনক পরাজয় ঢাকতে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে।
গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ৯৫তম দিনে আজ (মঙ্গলবার) জেনারেল আব্দুর রহিম মুসাভি এই মন্তব্য করেন। ইসরাইল যে লক্ষ্য নিয়ে গাজায় বর্বর আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধের ৯৫তম দিনেও দখলদাররা তার কোনটাই অর্জন করতে পারেনি।
জেনারেল মুসাভি আরো বলেন, পশ্চিম আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন নিয়ে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটি হামাসের সাথে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে অসহায় নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই ইসরাইল তার পরাজয় ঠেকাতে পারবে না বরং গাজার সাধারণ মানুষের এই রক্তের বন্যা ইসরাইলের পতন ত্বরান্বিত করবে।
কেরমান প্রদেশে শহীদ জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক বোমা হামলার কথা উল্লেখ করে আব্দুর রহিম মুসাভি বলেন, কুৎসিত হৃদয়ের যেসব সন্ত্রাসী যুদ্ধের ময়দানে লড়াই করতে সক্ষম নয়, তারা এই হামলা চালিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯