মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/world-i135346-মার্কিন_রাষ্ট্রদূতকে_রাশিয়ার_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
রুশ-বিরোধী কিছু এনজিওকে অর্থ সহায়তা প্রদানসহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২৪ ১২:১২ Asia/Dhaka
  •  মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রুশ-বিরোধী কিছু এনজিওকে অর্থ সহায়তা প্রদানসহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ‘ভুল তথ্য ছড়ানোর’ কারণে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করা হতে পারে বলে রাষ্ট্রদূতকে সতর্ক করা হয়েছে। মার্কিন সরকার ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ নিয়েও হস্তক্ষেপমূলক মন্তব্য করছে বলে অভিযোগ করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা বিশেষ করে নাশকতামূলক তৎপরতা চালানো এবং আসন্ন নির্বাচন ও বিশেষ সামরিক অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবে দমন করা হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা মার্কিন রাষ্ট্রদূতকে আরো জানিয়ে দিয়েছেন যে, ওয়াশিংটনকে রাশিয়ার সমাজের মূল্যবোধ পরিপন্থি তৎপরতায় জড়িত তিনটি এনজিওকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করতে হবে।  বিবৃতিতে ওই তিন এনজিও’র নামও ঘোষণা করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই তিনটি সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখাকে রাশিয়ার আইনের লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। রাশিয়া এর আগে বেশ কয়েকটি পশ্চিমা এনজিওকে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘোষণা করে এসব সংস্থায় কাজ করাকে রুশ নাগরিকদের জন্য বেআইনি ঘোষণা করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা ও রাশিয়া পরস্পরের কয়েক ডজন কূটনীতিককে বহিষ্কার করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটন-মস্কো সম্পর্কে বর্তমানে সর্বনিম্ন স্তরে রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।