রুশ প্রশাসনে বড় ঝাঁকুনি
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভায় বড় রকমের রদবদল করেছেন। দীর্ঘদিনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিয়ে তার জায়গায় একজন অর্থনীতিবিদকে নিয়োগের প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ইউক্রেনের যুদ্ধ জয়ের লক্ষ্য নিয়ে এ পরিবর্তন করা হলো।
গতকাল (রোববার) পুতিন ৬৫ বছর বয়সী সাবেক উপ প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভের নাম নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদের জন্য প্রস্তাব করেন। বেলুসভ হচ্ছেন একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ যিনি শোইগুর পরিবর্তে নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।
ভ্লাদিমির পুতিন পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। রাশিয়ার আইন অনুযায়ী, দেশটির পুরো মন্ত্রিসভা গত মঙ্গলবার পদত্যাগ করে। এর আগে পুতিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে একই পদে বহাল রেখেছেন পুতিন।
নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলুসভের নিয়োগের আগে রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।
সম্প্রতি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুকে সরিয়ে দেয়া হলো। ইভানভের সঙ্গে শোইগুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।