সৌদি আগ্রাসন বন্ধ না হলে শান্তি আসবে না: হুথি আনসারুল্লাহ
-
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম
ইয়েমেন সংকটের অবসান ঘটাতে হলে দেশটির ওপর সৌদির বর্বরোচিত আগ্রাসন বন্ধ করতে হবে বলে হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে। সেই সঙ্গে ইয়েমেনের ওপর থেকে সৌদির সব ধরণের অবরোধ তুলে নেয়ার দাবি জানায় তারা।
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম আজ (বৃহস্পতিবার) তার ফেইসবুক একাউন্টে বলেন, 'ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হলে, ইয়েমেনের ওপর থেকে সৌদির বিমান, নৌ এবং অর্থনৈতিক অবরোধ তুলে না নেয়া হলে হুথিরা যেকোনো শান্তি পরিকল্পণা প্রত্যাখ্যান করবে।'
ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইসমাঈল ওলুদ শেইখের সঙ্গে রাজধানী সানায় বৈঠকের পর আব্দুল সালাম এই মন্তব্য করেন। সংকটের অবসান ঘটাতে হলে এর সঙ্গে জড়িত সব পক্ষের সম্মতি থাকতে হবে বলেও জানান তিনি। ইয়েমেন সংকট অবসানের লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে আগামীকাল (শুক্রবার) কুয়েতে নতুন করে আলোচনা শুরুর আগে আব্দুল সালামের এ বক্তব্য এলো। চলতি বছরের গত ২১ এপ্রিল কুয়েতে ইয়েমেন বিষয়ে এ শান্তি আলোচনা শুরু হয়।
গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশিরভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪