তুরস্কের সামরিক হেলিকপ্টার আশ্রয় নিয়েছে গ্রিসে, ৮ জনকে আটক
-
গ্রিসে অবতরণ করা তুর্কি হেলিকপ্টার
তুরস্কের একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার গ্রিসের উত্তরাঞ্চলে অবতরণ করেছে। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর হেলিকপ্টারের আট ক্রু গ্রিসে রাজনৈতিক আশ্রয় নেয়ার আবেদন জানিয়েছে। তবে গ্রিস সরকার তাদের সবাইকে আটক করেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছে।
গ্রিসের আলেকজান্দ্রুপোলি বিমানবন্দরে গতকাল (শনিবার) দুপুরের দিকে তুরস্কের ব্ল্যাকহক হেলিকপ্টারটি নামে। এর আগে হেলিকপ্টার থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিপদ সংকেত দেয়া হয়। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
গ্রিসের ইআরটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হেলিকপ্টারের আরোহীদের মধ্যে সাতজনের পরণে সামরিক পোষাক ছিল। ধারণা করা হচ্ছে এরা সবাই প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত ছিল।
বিমানবন্দরে পৌঁছানোর পর তুর্কি সেনারা তাদের পোষাক থেকে সামরিক ব্যাজ খুলে ফেলে দেয়। ফলে তাদের পদবি শনাক্ত করা কষ্টকর হয়েছে তবে এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, আশ্রয়প্রার্থী লোকজন মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট পর্যায়ের এবং একজন বেসামরিক ব্যক্তি।
এদিকে, অবৈধভাবে গ্রিসে ঢোকার অপরাধে দেশটির পুলিশ এসব আশ্রয়প্রার্থীকে আটক করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে গ্রিস সরকারের মুখপাত্র ওলগা গেরোভাসিলি জানিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭