এবার তুরস্কে জরুরি অবস্থা জারি করলেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানী আঙ্কারা থেকে দেয়া সরাসরি ভাষণে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করেন তিনি। তার সভাপতিত্বে আঙ্কারা প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তুরস্কে জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়।
জরুরি অবস্থা জারির প্রয়োজনীয়তা তুলে ধরে এরদোগান বলেন, সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সব 'সন্ত্রাসী' সংগঠনের শেকড় দ্রুত উপড়ে ফেলার জন্য এর প্রয়োজন রয়েছে।
জরুরি অবস্থা জারিতে রাষ্ট্রের নিরাপত্তা বিপুলভাবে বেড়ে যাবে। সেইসঙ্গে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ব্যাপারে কোনো আপোশ করা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে আমেরিকা প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, বিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর জন্য এরদোগান নিজেই অভ্যুত্থানের নাটক সাজিয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২১