প্রেসিডেন্ট গার্ডবাহিনী ভেঙে দেয়ার ঘোষণা দিল তুরস্ক
-
প্রেসিডেন্ট গার্ডবাহিনীর সালাম গ্রহণ করছেন এরদোগান
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম তুরস্কের প্রেসিডেন্ট গার্ড বাহিনীকে ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ বাহিনী ভেঙে দেয়ার ঘোষণা দিলেন তিনি।
তুরস্কের হাবার টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিনালি বলেছেন, তুরস্কে আর প্রেসিডেন্ট গার্ড বাহিনী থাকবে না। এ বাহিনীর আর কোনো দরকার নেই।
এর আগে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্যকে আটকের ঘোষণা দেয়া হয়েছিল। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয়।
গত ১৫ জুলাই তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার পর প্রেসিডেন্ট এরদোগান তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থা জারির প্রয়োজনীয়তা তুলে ধরে এরদোগান বলেন, সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সব 'সন্ত্রাসী' সংগঠনের শেকড় দ্রুত উপড়ে ফেলার জন্য এর প্রয়োজন রয়েছে।
তুরস্কের সাম্প্রতিক সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে আমেরিকা প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হাত রয়েছে বলে অভিযোগ করছে এরদোগান সরকার। তবে গুলেন এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২৪