ন্যাটো মহাসচিব ইউক্রেনের ব্যাপারে ইউরোপের দ্বিধাদ্বন্দ্ব নীতির পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন
https://parstoday.ir/bn/news/world-i155432-ন্যাটো_মহাসচিব_ইউক্রেনের_ব্যাপারে_ইউরোপের_দ্বিধাদ্বন্দ্ব_নীতির_পরিণতি_সম্পর্কে_সতর্ক_করেছেন
ন্যাটো মহাসচিব ইউক্রেনের ব্যাপারে ইউরোপের দ্বিধাদ্বন্দ্ব নীতির পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২৫ ১৯:০২ Asia/Dhaka
  • • ন্যাটো মহাসচিব মার্ক রুট
    • ন্যাটো মহাসচিব মার্ক রুট

ন্যাটো মহাসচিব ইউক্রেনের ব্যাপারে ইউরোপের দ্বিধাদ্বন্দ্ব নীতির পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন

পার্সটুডে জানিয়েছে, ন্যাটো মহাসচিব মার্ক রুট ২০২৫ সালের শেষের দিকে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সতর্ক করে বলেছেন যে যদি ইউরোপের সংকল্প দুর্বল হয়, তাহলে মহাদেশটির জন্য নিরাপত্তা ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। তিনি দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ন্যাটো সদস্যের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণাত্মক পদক্ষেপ প্রতিরোধ করার জন্য ইউক্রেনকে শক্তিশালী থাকতে হবে।

তিনি ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন, যে ব্যাপারে ২০২৫ সালের জুনে হেগে পশ্চিমা সামরিক সংস্থার শীর্ষ সম্মেলনে একমত হয়েছিল। তিনি বলেছেন, "যদি আমরা এই দুটি কাজ অর্থাৎ ইউক্রেনকে সমর্থন এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করি, তাহলে আমরা নিজেদের রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী হব কিন্তু পুতিন কখনই তা চাইবে না।" রুট পূর্ব ইউরোপে ন্যাটো সদস্যদের উপর রাশিয়ার আক্রমণের আশঙ্কার কথা উল্লেখ করে সতর্ক করে বলেছেন, যে পুনঃসজ্জিতকরণ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হবে, অন্যথায় ২০২৭ সালের প্রথম দিকে নিরাপত্তা পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যেতে পারে।

ন্যাটো মহাসচিব রাশিয়ার উচ্চ মাত্রার সামরিক ব্যয়েরকে পুতিনের কাছ থেকে গুরুতর হুমকির লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, রাশিয়া এখন তার রাষ্ট্রীয় বাজেটের ৪০ শতাংশেরও বেশি সামরিক খাতে বরাদ্দ করে।

ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় দেশগুলির ইচ্ছা দুর্বল হওয়ার নেতিবাচক পরিণতি সম্পর্কে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সতর্কীকরণ বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। তাঁর দৃষ্টিকোণ থেকে, ইউরোপীয় নিরাপত্তা সরাসরি ইউক্রেনের শক্তি এবং স্থিতিশীলতার উপর নির্ভর করে এবং এই ক্ষেত্রে, যদি ইউরোপীয় দেশগুলি ইউক্রেনকে সমর্থন করতে যদি দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তবে তা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পরাজয়ের দিকে টেনে নিয়ে যাবে এবং সমগ্র ইউরোপের জন্যও সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনবে।

ন্যাটো মহাসচিবের এই সতর্কীকরণের প্রথম কারণ হল ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার কথিত হুমকির প্রকৃতি। রুটের মতে, ভ্লাদিমির পুতিন দেখিয়েছেন যে তিনি তার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে মানবিক ও অর্থনৈতিক চড়া মূল্য দিতেও প্রস্তুত। এ থেকে বোঝা যে, ন্যাটো মহাসচিবের মতে, ইউক্রেনের সমর্থনে ইউরোপের পশ্চাদপসরণ রাশিয়াকে তার আঞ্চলিক সম্প্রসারণের প্রচেষ্টা প্রসারিত করতে আরও উৎসাহিত করতে পারে। এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন মস্কো বারবার ন্যাটোর পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলির, যেমন পোল্যান্ড এবং তিনটি বাল্টিক প্রজাতন্ত্রের জন্য হুমকির দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

দ্বিতীয় কারণ হল ইউক্রেনের ভূ-রাজনৈতিক গুরুত্ব। ইউক্রেন ইউরোপের প্রতিরক্ষার সামনের সারির ভূমিকা পালন করে। ন্যাটোর মতে, যদি দেশটি পড়ে যায় বা রাশিয়ার শর্ত মেনে নিতে বাধ্য হয়, তাহলে পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যের মতো পূর্ব ইউরোপীয় দেশগুলি সরাসরি হুমকির সম্মুখীন হবে। রুট জোর দিয়ে বলেছেন যে কেবল ইউক্রেনের শক্তি বজায় রেখেই রাশিয়াকে ন্যাটো সদস্যদের উপর আক্রমণ করার কথা ভাবা থেকে বিরত রাখা যেতে পারে।

তৃতীয় কারণ হলো ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তা। ন্যাটো মহাসচিব মনে করিয়ে দিয়েছেন যে সদস্য দেশগুলিকে প্রতিরক্ষা বাজেট আরও দ্রুত বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তিনি সতর্ক করে বলেছেন যে যদি এই প্রক্রিয়াটি সময়মতো সম্পন্ন না করা হয়, তাহলে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত ইউরোপ গুরুতর বিপদের মুখোমুখি হতে পারে। রাশিয়ার সামরিক শক্তি এবং তার সেনাবাহিনীর পুনর্গঠনের ক্ষমতার গোয়েন্দা বিশ্লেষণের ভিত্তিতে এই সময়সীমা প্রস্তাব করা হয়েছে।

ন্যাটো মহাসচিবের ইউরোপের সামরিক বাহিনীকে শক্তিশালী করার, বিশেষ করে সামরিক বাজেট বৃদ্ধির ইচ্ছা থাকা সত্ত্বেও, মনে রাখা উচিত যে ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলি এই ক্ষেত্রে সমস্যা এবং বাধার সম্মুখীন হচ্ছে, যেমন জনমত এবং বিরোধী দলগুলির বিরোধিতা, সামরিক বাজেট বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাজেটে সম্ভাব্য হ্রাস, ইউরোপীয় সমাজে সামরিকবাদ বৃদ্ধি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাশিয়ান হুমকির প্রকৃতি সম্পর্কে ঐক্যমত্যের অভাব। বর্তমানে, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য হিসেবে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিরোধিতা করছে।

তবে, ন্যাটো মহাসচিবের নতুন সতর্কীকরণ এই সত্যকে প্রতিফলিত করে যে ইউক্রেনের যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংকট নয়, বরং ইউরোপীয় নিরাপত্তার ভবিষ্যতের জন্যও একটি পরীক্ষা। ন্যাটোর দৃষ্টিকোণ থেকে, ইউক্রেনের প্রতি টেকসই এবং সিদ্ধান্তমূলক সমর্থন কেবল দেশের টিকে থাকার জন্যই নয়, সমগ্র মহাদেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্যও অপরিহার্য। ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই বিষয়ে যেকোনো দুর্বলতা ইউরোপের জন্য অপ্রত্যাশিত এবং বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।