কারাকাস থেকে নিরাপত্তা পরিষদ; ভেনেজুয়েলা সংকট ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে
-
নিকোলাস মাদুরো ও ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে: ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোথাও সংলাপ ও মধ্যস্থতার আহ্বান জানানো হয়েছে, আবার কোথাও সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক ঘণ্টায় ভেনেজুয়েলায় নিরাপত্তা ও কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দেশটির ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা এবং পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'আটক' করার ঘোষণার পরপরই কারাকাস সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে। একই সঙ্গে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে অবস্থান জানানো হয়, যার ফলে সংকট নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। নিচে কয়েকটি দেশের প্রতিক্রিয়া তুলে ধরা হলো—
রাশিয়া:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ভেনেজুয়েলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপকে সমর্থন করে। তারা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বিশেষ করে সামরিক হস্তক্ষেপ ছাড়াই ভেনেজুয়েলার আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর জোর দিয়েছে। রাশিয়া লাতিন আমেরিকাকে শান্তির অঞ্চল হিসেবে উল্লেখ করেছে এবং ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের পক্ষে সমর্থন জানিয়েছে।
স্পেন:
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা কমানো ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সব পক্ষের আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র:
রয়টার্স এক মার্কিন সিনেটরের বরাতে জানিয়েছে, মার্কো রুবিও বলেছেন, নিকোলাস মাদুরো যদি যুক্তরাষ্ট্রে উপস্থিত হন, তাহলে তাকে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই।
জার্মানি:
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গভীর উদ্বেগের সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে একটি বিশেষ সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে।
ডোনাল্ড ট্রাম্প:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে চালানো হামলাগুলো ছিল সুপরিকল্পিত।
ভেনেজুয়েলা:
ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় বেশ কয়েকজন নাগরিক নিহত ও আহত হয়েছেন। কারাকাস সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, তেল উৎপাদন ও পরিশোধন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।#