ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাঠামো তৈরির কাছাকাছি
-
ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাঠামো তৈরির কাছাকাছি
পার্সটুডে- আমেরিকার সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস' এক প্রতিবেদনে দাবি করেছে: "দুইজন মার্কিন কর্মকর্তা বলেছেন আমেরিকা এবং ইরানি আলোচকরা মঙ্গলবার আলোচনায় অগ্রগতি অর্জন করেছেন এবং যুদ্ধ শেষ করার ব্যাপারে একটি কাঠামো তৈরিতে সম্মত হওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছেছেন।"
পাকিস্তানি, মিশরীয় এবং তুর্কি মধ্যস্থতাকারীদের সহায়তায় উভয় দেশ ২১শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে অবশিষ্ট ব্যবধান পূরণ করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য বুধবার তেহরানে পৌঁছেছে।
তবে একইসাথে আমেরিকার কর্মকর্তা এবং মধ্যস্থতা প্রক্রিয়ার সাথে পরিচিত সূত্রগুলো সতর্ক করেছে যে, উভয় পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্যের কারণে একটি চুক্তিতে পৌঁছানো নিশ্চিত নয়।
মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে আগামী দিনগুলোতে মুখোমুখি আলোচনার একটি নতুন পর্ব অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
“আমার মনে হয়, আমরা যাদের সঙ্গে মুখোমুখি বসে আছি, তারা একটি চুক্তি করতে চেয়েছিলেন,” গত সপ্তাহে পাকিস্তানে প্রাথমিক আলোচনার নেতৃত্ব দেওয়া ভ্যান্স মঙ্গলবার জর্জিয়ায় টার্নিং পয়েন্ট ইউএসএ-র একটি অনুষ্ঠানে বলেন। “আমি পরিস্থিতি নিয়ে খুব আশাবাদী।”
একজন মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে যে, যদি চুক্তির একটি কাঠামো ঠিক করা হয়, তবে একটি পূর্ণাঙ্গ চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, “বিষয়গুলো জটিল, এটা দুই দিনে করা সম্ভব নয়।
দ্বিতীয় একজন মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি। “একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে।”#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।