ট্রাম্পের ওপর চাপ বাড়লো: যুদ্ধক্ষমতা সীমিত করতে প্রস্তাব পাস
https://parstoday.ir/bn/news/world-i159996-ট্রাম্পের_ওপর_চাপ_বাড়লো_যুদ্ধক্ষমতা_সীমিত_করতে_প্রস্তাব_পাস
পার্সটুডে- ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি যুদ্ধক্ষমতা বিল পাস হয়েছে।
(last modified 2026-06-04T12:29:19+00:00 )
জুন ০৪, ২০২৬ ১২:৪৭ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদ
    মার্কিন প্রতিনিধি পরিষদ

পার্সটুডে- ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি যুদ্ধক্ষমতা বিল পাস হয়েছে।

বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়।

প্রস্তাবের পক্ষে ২১৫টি এবং বিপক্ষে ২০৮টি ভোট পড়েছে। এই প্রস্তাব পাসের ফলে ইরানের সঙ্গে চলমান ‘শত্রুতামূলক সংঘাত’ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে প্রেসিডেন্টের বাধ্যবাধকতা তৈরি হলো।

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে এটিই প্রথম প্রচেষ্টা নয়, তবে এবারই প্রথম এমন কোনো প্রস্তাব পাস হলো। এর আগের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। প্রতিনিধি পরিষদের এই সিদ্ধান্ত এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব পাসের ক্ষেত্রে গতি সঞ্চার করবে। সেখানেও এটি পাস হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

তবে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে পাস হলেও প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো কিছুই আইনে পরিণত হয় না। আর এই কারণেই ধারণা করা হচ্ছে, নিজের ক্ষমতা সীমিত করার এই প্রস্তাবটিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দেবেন।

অবশ্য মার্কিন সংবিধান অনুযায়ী, মার্কিন সেনা কোথাও পাঠানো হবে কি-না, তা নিয়ে বিতর্ক ও ভোট দেওয়ার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে, হোয়াইট হাউসের নয়। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালনে কংগ্রেসের একধরনের অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও, এবারই প্রথম তারা জোরালোভাবে নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাল।

ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন একটি কক্ষ থেকে এমন প্রস্তাব পাস হওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য সত্যিই অস্বস্তি তৈরি করবে।

প্রতিনিধি পরিষদের এই প্রস্তাব পাসে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন চারজন রিপাবলিকান সদস্য। অন্যদিকে, দলটির আরো ছয়জন সদস্য ভোটদানে অনুপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।