ট্রাম্পের স্বীকারোক্তি: ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়
-
ট্রাম্প
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে, তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি।
জি-৭ সম্মেলনের ফাঁকে দেওয়া তার সমাপনী বক্তব্যে ট্রাম্প বলেন, সৌদি আরবের কাছে যখন ক্ষেপণাস্ত্র রয়েছে, তখন ইরানকে তা থেকে বঞ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, “আমরা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সমান্তরাল একটি প্রচেষ্টার ওপর কাজ করব, যাতে পারমাণবিক বিষয়ের বাইরে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমর্থনসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়।”
তিনি আরও বলেন, “কেউ কেউ বলেছিল, ‘আপনার উচিত নয় তাদের একটি ক্ষেপণাস্ত্রও রাখতে দেওয়া।’ আমি এদের কিছু মানুষকে পছন্দ করি, কিন্তু আমি মনে করি না তারা খুব বুদ্ধিমান।”
ট্রাম্প বলেন, “তারা আমাকে বলেছিল, ‘স্যার, তাদের কোনো ক্ষেপণাস্ত্র রাখতে দেওয়া উচিত নয়।’ আমি জিজ্ঞেস করলাম, ‘তাহলে আমি কী করব? সৌদি আরবকে ক্ষেপণাস্ত্র রাখতে দেব, কিন্তু ইরানকে দেব না?’ তারা বলল, ‘হ্যাঁ, স্যার।’”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “কিন্তু বিষয়গুলো এভাবে কাজ করে না। ক্ষেপণাস্ত্রই মূল সমস্যা নয়। ক্ষেপণাস্ত্র কেবল একটি ছোট এলাকায় আঘাত হানে, কিন্তু পুরো পৃথিবী ধ্বংস করে না।”
ডেমোক্র্যাটদের উদ্যোগে প্রণীত পরমাণু চুক্তি (জেসিপিওএ)-এর বিরোধিতার অন্যতম কারণ ছিল যে, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং অন্যান্য বিরোধপূর্ণ বিষয় আলোচনার বাইরে রাখা হয়েছিল।
তখনও ইসলামী প্রজাতন্ত্র ইরান স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে, তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে কখনো আলোচনার টেবিলে আনবে না।
এর কয়েক বছর পর এবং ইরানের বিরুদ্ধে দুটি যুদ্ধ করার পর ট্রাম্প এখন প্রকাশ্যে জানিয়েছেন যে, তিনি কেবল ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ সীমিত করার লক্ষ্যেই কাজ করছেন।#
পার্স টুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।