‘ইরান-চীন সহযোগিতা জোরদার করতে হবে’
-
বৈঠক
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-মহাসচিব কাদির নেজামি সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
নেজামী দুই দেশের বিদ্যমান ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে ইরান ও চীনের সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও বিদেশি আগ্রাসনের মুখে ইরানি জাতির দৃঢ়তা ও সহনশীলতার কথা উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম।
উভয় পক্ষ ইরান ও চীনের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন।
এই বৈঠকের ফাঁকে কাদির নেজামী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেন।
সাক্ষাতে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ইরান-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতা ও ব্রিকসের কাঠামোর মধ্যে দুই দেশের পারস্পরিক যোগাযোগ নিয়ে মতবিনিময় করেন। তারা নিয়মিত পরামর্শ অব্যাহত রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।