মার্কিন ডেমোক্র্যাট নেতা: ইরানের বিরুদ্ধে ব্যর্থ রিপাবলিকান যুদ্ধ এবার বন্ধ হোক
https://parstoday.ir/bn/news/world-i162212-মার্কিন_ডেমোক্র্যাট_নেতা_ইরানের_বিরুদ্ধে_ব্যর্থ_রিপাবলিকান_যুদ্ধ_এবার_বন্ধ_হোক
পার্সটুডে — মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেছেন, ইরানের বিরুদ্ধে রিপাবলিকানদের ব্যর্থ যুদ্ধ আর চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’–এর নাবিকদের যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করা হচ্ছে না।
(last modified 2026-08-16T07:17:37+00:00 )
আগস্ট ১৬, ২০২৬ ১৩:০৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস
    মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস

পার্সটুডে — মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেছেন, ইরানের বিরুদ্ধে রিপাবলিকানদের ব্যর্থ যুদ্ধ আর চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’–এর নাবিকদের যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করা হচ্ছে না।

ইরনার বরাতে পার্সটুডে জানায়, নিউইয়র্কের প্রতিনিধি জেফরিস শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আব্রাহাম লিংকন–এর মার্কিন সামরিক সদস্যদের মানসিক সংকটের কথা উল্লেখ করে বলেন, মার্কিন নাবিকদের সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করা উচিত, কিন্তু আব্রাহাম লিংকনে তা হচ্ছে না।

জেফরিস আরও বলেন, “রিপাবলিকানদের ইরানের বিরুদ্ধে ব্যর্থ নির্বাচিত যুদ্ধ যথেষ্ট হয়েছে।”মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফিও ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয়’ যুদ্ধ এবং তাঁর পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, এই যুদ্ধ শুরু থেকেই ‘জয় করা অসম্ভব’ ছিল।

গত কয়েক দিনে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আব্রাহাম লিংকন–এর মিশনের মেয়াদ বাড়ানোর ফলে জাহাজটির নাবিক ও সামরিক সদস্যদের ওপর মানসিক চাপ আরও বেড়েছে। এমনকি কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আব্রাহাম লিংকন টানা ২৪০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে, যা বিরল একটি রেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে। দীর্ঘ সময় বিশ্রামের সুযোগ না পাওয়া, মানসিক অবসাদ এবং রসদসংক্রান্ত সমস্যায় নাবিকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। কয়েকজন মার্কিন আইনপ্রণেতা জাহাজটির কর্মীদের কর্মপরিবেশ ও সেবার পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন।

এমএসএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির ৫ হাজারের বেশি নাবিক পুরো সময়ে মাত্র দুই দিন স্থলভাগে কাটানোর সুযোগ পেয়েছেন—একবার ডিসেম্বরে গুয়ামে এবং আরেকবার জুলাইয়ে ওমানে। তাদের এই মোতায়েন মে মাসে শেষ হওয়ার কথা ছিল; কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে মিশনের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে।

 

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।