ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয় গোপন করছেন হেগসেথ: মার্কিন ডেমোক্র্যাট সিনেটর
-
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয় মার্কিন জনগণের কাছ থেকে গোপন করছেন।
ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পশ্চিম এশিয়া সফর সম্পর্কে কথা বলতে গিয়ে ক্রিস মারফি বলেন, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনে তাঁকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয় (পেন্টাগন)।
তিনি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের ধ্বংসযজ্ঞকে ‘ব্যাপক’ বলে বর্ণনা করেন। তাঁর মতে, জনসাধারণকে যা জানানো হয়েছে, বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল তার চেয়ে অনেক বেশি গুরুতর।
কাতার ও সৌদি আরব সফর শেষে মারফি বলেন, “ওই হামলা যদি দিনের বেলায় ঘটত, তাহলে বিপুলসংখ্যক মার্কিন নাগরিক নিহত হতেন—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।” তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেসের সদস্যরা যাতে সরাসরি যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতি দেখতে না পারেন, সে চেষ্টা করছে পেন্টাগন। মারফির ভাষায়, “এই যুদ্ধের ব্যয় ও পরিণতি মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখতে পিট হেগসেথ দৃঢ়প্রতিজ্ঞ।”
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।