রাশিয়ার সঙ্গে সামরিক হটলাইন প্রতিষ্ঠা করবে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i16936-রাশিয়ার_সঙ্গে_সামরিক_হটলাইন_প্রতিষ্ঠা_করবে_তুরস্ক
তুরস্ক জানিয়েছে, রাশিয়ার সঙ্গে জরুরি সামরিক হটলাইন প্রতিষ্ঠা করার বিষয়ে আংকারা চিন্তাভাবনা করছে। গত বছর সিরিয়ার আকাশসীমায় তুর্কি সামরিক বাহিনীর হাতে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত হওয়ার মতো যেকোনো দুর্ঘটনা এড়াতে দু দেশের সামরিক কমান্ডারদের মধ্যে এ হটলাইন প্রতিষ্ঠা করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৬ ০৮:২৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

তুরস্ক জানিয়েছে, রাশিয়ার সঙ্গে জরুরি সামরিক হটলাইন প্রতিষ্ঠা করার বিষয়ে আংকারা চিন্তাভাবনা করছে। গত বছর সিরিয়ার আকাশসীমায় তুর্কি সামরিক বাহিনীর হাতে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত হওয়ার মতো যেকোনো দুর্ঘটনা এড়াতে দু দেশের সামরিক কমান্ডারদের মধ্যে এ হটলাইন প্রতিষ্ঠা করা হবে।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনের বরাত দিয়ে তুরস্কের দৈনিক হুররিয়াত এ খবর দিয়েছে। ইব্রাহিম কালিন বলেন, “গত বছরের মতো যেকোনো দুর্ঘটনা এড়াতে আমরা ঘনিষ্ঠ যোগাযোগে থাকব। এই কাঠামোর আওতায় আমাদের চিফ অব স্টাফ এবং রাশিয়ার চিফ অব স্টাফ সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করেছেন। সামরিক হটলাইন প্রতিষ্ঠার বিষয় নিয়ে তারা আলোচনা করছেন।”

গত মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করার পর সামরিক হটলাইন প্রতিষ্ঠার বিষয়ে ঘোষণা এল। ইব্রাহিম কালিন আরো জানান, তুরস্ক ও রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ বিশেষ করে সিরিয়া সংকট নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। তারা এ বিষয়ে করণীয় ঠিক করতে শিগগিরি কার্যক্রম শুরু করতে চান।

এর আগে, গতকাল দিনের প্রথম ভাগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছিলেন, বুধবার শেষ বেলায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর একটি সম্মিলিত প্রতিনিধিদল রাশিয়া সফরে যাবে। তিনি বলেন, “তুরস্ক এসব করছে তার নিজের এবং এ অঞ্চলের স্বার্থে। প্রকৃতপক্ষে আমরা পাশ্চাত্যকে সুস্পষ্ট পথে বার্তা দিচ্ছি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১