ইয়েমেনের হাসপাতালে সৌদি বিমান হামলা: ১৫ নিহত, আহত ১৯
-
সৌদি বিমান হামলায় বিধ্বস্ত হাসপাতালের সামনে পড়ে রয়েছে একটি লাশ
ইয়েমেনের একটি হাসপাতালে সৌদি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় ইয়েমেনের এ হাসপাতালটি পরিচালনা করছে ডক্টরস উইদাউট বর্ডার বা এমএসএফ। হাজজাহ্ প্রদেশের আবস জেলায় অবস্থিত হাসপাতালে গতকাল স্থানীয় সময় বিকাল পৌনে ৪টায় হামলা চালানো হয়েছে বলে প্যারিসভিত্তিক এনজিওটি টুইটার বার্তায় জানায়।
নিহতদের মধ্যে এমএসএফ’এর ইয়েমেনি ৩ কর্মী রয়েছেন বলে হাসপাতালটির পরিচালক জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে কর্মরত তিন বিদেশি ডাক্তার আহত হয়েছেন। এ ছাড়া, হাসপাতালের তিন কর্মীর অঙ্গ কেটে ফেলতে হয়েছে। এদিকে এমএসএফ বলেছে, হাসপাতালের অবস্থান সম্পর্কে সৌদি আরবকে আগেই জানানো হয়েছিল।
উত্তরাঞ্চলীয় ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় ১৯ জন নিহত হওয়ার মাত্র দু’দিনের মাথায় এ হাসপাতালের ওপর হামলা চালানো হলো। আবাসিক এলাকায় হামলায় নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু।
পার্সটুডে/মূসা রেজা/১৬