অস্ট্রিয়া থেকে রাষ্ট্রদূত ফেরত আনল তুরস্ক
-
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তুরস্ক সরকার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ খবর নিশ্চিত করে বলেছেন, পরামর্শ করার জন্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত এ দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল (সোমবার) চাভুসওগ্লু বলেন, “দুঃখজনকভাবে অস্ট্রিয়ার সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় স্বাভাবিক সম্পর্ক ও সহযোগিতা নষ্ট হয়ে গেছে।” তিনি আরো বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সমর্থনে মিছিল-সমাবেশের পর আংকারা চুপ করে থাকতে পারে না। এজন্য তুরস্কে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে, গত কয়েক সপ্তাহে তুরস্ক ও অস্ট্রিয়ার মধ্যকার সম্পর্ক অনেক বেশি তিক্ত হয়ে উঠেছে। চলতি আগস্ট মাসের শুরুতে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর রাজনৈতিক দমন-পীড়নের জন্য তুর্কি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তুরস্কের এই একটি উদাহরণের কারণেই দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না। কার্ন আরো বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার বিষয়ে সংস্থার সঙ্গে তুরস্কের যে আলোচনা চলছে তা নিতান্তই কল্পনা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩