ব্রেক্সিটের পর ইউরোপের প্রধান তিন শক্তির বৈঠক
ইউরোজোনের চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান তিন অর্থনৈতিক শক্তি জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতারা বৈঠক করেছেন। ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর এ বৈঠক হলো।
গতকাল (সোমবার) ইতালির ভেন্তোতেনে দ্বীপে দেশটির একটি বিমানবাহী জাহাজের ওপর এ বৈঠক হয়। এতে যোগ দেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্তের পর দ্বিতীয়বারের মতো ক্ষুদ্র এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো।
গতকালের বৈঠক শেষে জাহাজের ওপরেই তিন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় তারা ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ইউরোপ মহাদেশের তরুণদের কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা জোরদারের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রেনজি বলেন, “ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর এ জোট শেষ হয়ে যাবে বলে অনেকেই মনে করেছিলেন কিন্তু বাস্তবে তা হয় নি। তবে ব্রিটিশ জনগণ যা বেছে নিয়েছে তার প্রতি আমরা সম্মান জানাই এবং ইইউ’র জন্য নতুন অধ্যায় সৃষ্টি করতে চাই।”
সংবাদ সম্মেলনে মারকেল বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সামনে এখন এ কথা প্রমাণ করা দরকার হয়ে পড়েছে যে, ব্রিটেন ছাড়াও এ জোট উন্নতি করতে পারে।” তবে, ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ সতর্ক করে বলেন, এ মুহূর্তে ইউরোপ বিভক্তির মুখে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য জরুরি পদক্ষেপ নেয়া দরকার। নিরাপত্তা নিয়ে জার্মান চ্যান্সেলরও কথা বলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩