গুলেনকে হস্তান্তর নিয়ে তুর্কি-মার্কিন আলোচনা শুরু
-
ফতেহউল্লাহ গুলেন
আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে হস্তান্তরের বিষয়ে তুরস্ক ও মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। তুরস্কের দাবির মুখে মার্কিন সরকার এ আলোচনা শুরু করতে বাধ্য হলো। গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেন জড়িত ছিলেন বলে তুর্কি সরকার অভিযোগ তুলেছে।
তুরস্কের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আংকারায় মঙ্গলবার দু দেশের কর্মকর্তারা আলোচনা শুরু করেন। তবে আলোচনার বিস্তারিত এখনো পাওয়া যায় নি।
২০ আগস্ট তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, ফতেহউল্লাহ গুলেনের বিরুদ্ধে তুর্কি সরকারের অভিযোগ খতিয়ে দেখতে মার্কিন কর্মকর্তারা আংকারা সফরে আসবেন।
এর আগে, গত ১৩ আগস্ট তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস থেকে ওয়াশিংটনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং ওই চিঠিতে গুলেনকে আটকের আহ্বান জানানো হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪