নরওয়েতে এক বজ্রপাতে ৩০০ হরিণের মৃত্যু
নরওয়েতে এক বজ্রপাতে তিন শতাধিক বলগা হরিণ মারা গেছে। বজ্রপাতে বুনো প্রাণী মারা যাওয়ার ঘটনা নতুন না হলেও এর আগে এক বজ্রপাতে এত বেশি প্রাণী একসঙ্গে মারা যাওয়ার কথা আর শোনা যায় নি।
নরওয়ের পরিবেশ সংস্থা দেশটির পার্বত্য মালভূমি হারডানগেরভিড্ডা’র একটি ছোট এলাকায় শত শত হরিণ মরে পড়ে থাকার ছবি প্রকাশ করেছে।

সংস্থাটি বলছে, সম্ভবত গত শুক্রবার প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে হতভাগ্য এ সব হরিণ মারা গেছে। সংস্থার হিসাবে বলা হয়েছে, ৭০টি শাবকসহ মোট ৩২৩টি বলগা হরিণ মারা গেছে। বজ্রপাতে মারাত্মকভাবে আহত পাঁচটি হরিণের কষ্ট লাঘবের জন্য পরে মেরে ফেলতে হয়েছে বলেও সংস্থাটির ওয়েবসাইটে দেয়া খবরে বলা হয়েছে।

বজ্রপাতে এভাবে শত শত হরিণের মৃত্যুর কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, বলগা হরিণের পাল ঋতু পরিবর্তনের সময় এ স্থান দিয়ে অন্য দেশে যাতায়াত করে।
গিনেজ বুকের তথ্যে বলা হয়েছে, ২০০৫ সালে অস্ট্রেলিয়ার একটি খামারে বজ্রপাতে ৬৮টি গরু মারা গিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৯