৮৪ বছরের নারীর মুখে মরিচের গুঁড়া ছিটাল মার্কিন পুলিশ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i18607-৮৪_বছরের_নারীর_মুখে_মরিচের_গুঁড়া_ছিটাল_মার্কিন_পুলিশ_(ভিডিও)
মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ৮৪ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ নারীর বাসভবনে অনুপ্রবেশ করে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে এক মার্কিন পুলিশ কর্মকর্তা। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ আমেরিকার গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ০৩:৩৯ Asia/Dhaka
  • ৮৪ বছর বয়সি জেনেভা স্মিথ
    ৮৪ বছর বয়সি জেনেভা স্মিথ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ৮৪ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ নারীর বাসভবনে অনুপ্রবেশ করে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে এক মার্কিন পুলিশ কর্মকর্তা। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ আমেরিকার গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

গত ৭ আগস্ট ধারণ করা এ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তারা কৃষ্ণাঙ্গ বৃদ্ধা জেনেভা স্মিথের বাসভবনের দরজায় লাথি মেরে এর ভেতরে প্রবেশ করেন। তারা স্মিথের ছেলে আর্থার পল ব্ল্যাকমনকে খুঁজতে ওই বাড়ি গিয়েছিলেন।

৫৬ বছর বয়সি ব্ল্যাকমনের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের নির্দেশ সত্ত্বেও মহাসড়কে গাড়ি থামাতে ব্যর্থ হয়েছেন। পুলিশ কর্মকর্তারা ব্ল্যাকমনকে খুঁজতে স্মিথের বাসভবনে চলে যান এবং সেখানে প্রবেশ করে তাকে বেরিয়ে আসতে বলেন।

ব্ল্যাকমন এ সময় শূণ্যে হাত তুলে আত্মসমর্পনের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও একজন পুলিশ কর্মকর্তা তার ওপর ত্যাজার চার্জ করেন। ত্যাজার বর্ষণের মাধ্যমে একজন মানুষকে সাময়িকভাবে পঙ্গু করে দেয়া যায়।

এ অবস্থায় একজন নারী পুলিশ কর্মকর্তা বৃদ্ধাকে ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে বলেন, তা না করলে তার মুখে মরিচের গুড়া ছিটানো হবে। এরপর ভিডিও ফুটেজটিতে দেখা যায় সত্যি সত্যি ৮৪ বছর বয়সি নারীর মুখে পিপার স্প্রে ছিটানো হচ্ছে এবং তিনি এর তীব্রতায় মাটিতে পড়ে যাচ্ছেন। মার্কিন নিউজ চ্যানেল ফক্স২৩’তে ভিডিওসহ খবরটি প্রচারিত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০