‘সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করুন’
আমেরিকার ৬০ আইন প্রণেতা সৌদি আরবের কাছে প্রস্তাবিত ১১৫ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ বিলম্বিত করার আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।
এ চিঠিতে সৌদি সামরিক আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষের নিহত হওয়ার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আগ্রাসন ইয়েমেনের মানুষের স্বাভাবিক জীবন-যাপনের ক্ষেত্রে গভীর সমস্যা সৃষ্টি করেছে। চিঠিতে আরো বলা হয়েছে, কয়েকদিন আগেই একটি স্কুলে সৌদি বিমান হামলায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের বয়স ৬ বছরের কম বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া, ডক্টরস উইদাউট বর্ডার বা এমএসএফ পরিচালিত হাসপাতালে সৌদি বিমান হামলায় ১১ জনের নিহত হওয়ার ঘটনাও চিঠিতে তুলে ধরা হয়।
সৌদি আরবে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়ার আগে এ বিষয়ে মার্কিন কংগ্রেসে পূর্ণ শুনানির পর্যাপ্ত সময় দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা।#
পার্সটুডে/মূসা রেজা/৩১