প্রচলিত সাবানের চেয়ে বেশি কার্যকর নয় জীবাণুনাশক সাবান
জীবাণুনাশক বা অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান বাজারে প্রচলিত সাধারণ সাবানের চেয়ে বেশি কার্যকর বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা সঠিন নয়। হাত পরিষ্কার এবং রোগ ঠেকানোর ক্ষেত্রে কথিত জীবাণুনাশক সাবানের অধিক কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় নি বলে জানিয়েছে মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন বা এফডিএ। উল্টো কথিত জীবাণুনাশক সাবানের উপাদান মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় বলেই প্রমাণ পেয়েছে এফডিএ।
সাধারণ সাবান দিয়ে নিয়মিত হাত-মুখ বা গা ধোয়া হলে তাতে জীবাণুনাশক সাবান ব্যবহারের চেয়ে বেশি সুফল পাওয়া যায়। কয়েক বছর ধরে চালানো সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এফডিএ। এ ছাড়া, জীবাণু নাশক সাবানে রয়েছে রাসায়নিক উপাদান ট্রাইক্লোসান এবং ট্রাইক্লোকারবান। এ দুই উপাদানের দীর্ঘমেয়াদি ব্যবহার শরীরের জন্য নিরাপদ নয় বলেও দেখা গেছে।
উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ না পাওয়ায় সুনির্দিষ্ট রাসায়নিক উপাদানে তৈরি জীবাণুনাশক সাবান খোলা বাজারে বিক্রির উপর বিধি-নিষেধ আরোপ করেছে এফডিএ। জীবাণুনাশক সাবানে ব্যবহার হয় এমন ১৯টি রাসায়নিক উপাদানের তালিকা প্রকাশ করা হয়েছে। সাবান থেকে এ সব উপাদান সরিয়ে নেয়ার জন্য নির্মাতাদের এক বছর সময় দিয়েছে এফডিএ। অবশ্য হাত মোছার জন্য হ্যান্ড স্যানিটাইজার নামে পরিচিত যে সব পণ্য বিক্রি হয় সেগুলোর বিরুদ্ধে এ বাধ্য-বাধকতা আরোপ করা হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/৩