সিরিয়া বিষয়ে আলোচনা ব্যর্থ, মস্কোকে দুষছে ওয়াশিংটন
https://parstoday.ir/bn/news/world-i19282-সিরিয়া_বিষয়ে_আলোচনা_ব্যর্থ_মস্কোকে_দুষছে_ওয়াশিংটন
সিরিয়ায় সংঘর্ষ অবসানের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছাতে রুশ এবং মার্কিন কর্মকর্তারা ব্যর্থ হওয়ার পর দু’দেশের প্রেসিডেন্টরা চীনে বৈঠকে মিলিত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সিরিয়ায় সংঘর্ষ অবসানের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছাতে রুশ এবং মার্কিন কর্মকর্তারা ব্যর্থ হওয়ার পর দু’দেশের প্রেসিডেন্টরা চীনে বৈঠকে মিলিত হয়েছেন।

চীনের হাংঝু শহরে অনুষ্ঠানরত জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়া বিষয়ে বৈঠকে মিলিত হন। তবে কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই ওই আলোচনা শেষ হয় বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। কেরি এবং ল্যভরভ গতকালও (রোববার) একবার বৈঠকে মিলিত হয়েছিলেন। তবে সিরিয়ার সংঘর্ষ অবসানের লক্ষ্যে তারা সমঝোতায় পৌঁছাতে পারেন নি।

যেসব বিষয়ে আগে দু’পক্ষই একমত ছিল সেখান থেকে মস্কো সরে এসেছে- দাবি করে  এক মার্কিন কর্মকর্তা বলেন, 'কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতৈক্য ছিল বলে যে ধারণা করেছিলাম সেখান থেকে রাশিয়া সরে এসেছে। তাই আরো পরামর্শের জন্য  আমরা ওয়াশিংটনে ফিরে যাচ্ছি।'

এর আগেও সিরিয়া বিষয়ে তীব্র মতপার্থক্যের কথা জানিয়েছিল দু’পক্ষ। বিশেষ করে সিরিয়ার আলেপ্পোতে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ল্যভরভ ও কেরির মধ্যে বৈঠক হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) জি-২০ সম্মেলনের অবকাশে বৈঠকে মিলিত হয়েছেন। সিরিয়া এবং ইউক্রেন ইস্যুতে দুই নেতা আলোচনা করেছেন বলে  এক সিনিয়র মার্কিনকর্মকর্তা জানিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৫