উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/world-i19456-উত্তর_কোরিয়ার_ক্ষেপণাস্ত্র_পরীক্ষার_নিন্দা_জানাল_নিরাপত্তা_পরিষদ
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এটি বলেছে, এসব পরীক্ষা নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর পাশাপাশি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০২:২৩ Asia/Dhaka
  • সোমবার পরপর তিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া
    সোমবার পরপর তিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এটি বলেছে, এসব পরীক্ষা নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর পাশাপাশি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মঙ্গলবার রাতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে একটি সর্বসম্মত বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ উত্তর কোরিয়ার সব কর্মকাণ্ড প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচির উন্নয়নের লক্ষ্যে এসব করা হচ্ছে এবং তা কেবল উত্তেজনা বাড়াচ্ছে।

পিয়ংইয়ং জাপান সাগরে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘন্টা পর এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই বৈঠকের পর উত্তর কোরিয়ার নিন্দা জানিয়ে এ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংকে এ ধরনের বিদ্বেষী কর্মকাণ্ড অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নিরাপত্তা পরিষদ।

এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগের প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে  নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার এ আহ্বান জানান। কিন্তু দৃশ্যত রুদ্ধদ্বার বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে মার্কিন অতি উৎসাহে সাড়া দেয়নি নিরাপত্তা পরিষদের বাকি দেশগুলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭