রাশিয়ার সম্পদ আটক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ
https://parstoday.ir/bn/news/world-i19552-রাশিয়ার_সম্পদ_আটক_ও_ভ্রমণ_নিষেধাজ্ঞার_মেয়াদ_বাড়াল_ইইউ
ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই ইউনিয়নের কূটনীতিকদের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৪:৫৬ Asia/Dhaka
  • রাশিয়ার সম্পদ আটক ও ভ্রমণ  নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই ইউনিয়নের কূটনীতিকদের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে।

রাশিয়ার ১৫০ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি এসব কর্মকর্তা ও ৩৭টি রুশ প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার মেয়াদ আরো ছয় মাসের জন্য বাড়িয়েছে ইইউ। ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে ২০১৪ সালে আরোপিত এ নিষেধাজ্ঞার প্রথম মেয়াদ ২০১৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়। এরপর তা কয়েক দফায় বাড়ানো হয়েছে।

রুশ সরকারের ইউক্রেন নীতির সমর্থক ব্যবসায়ী, কর্মকর্তা ও বিশিষ্টজনদেরকে ইইউর নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এ ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান অ্যালমাজ-অ্যান্তি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দু'টি প্রজাতন্ত্রে এখনো লড়াই চলছে

২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রজাতন্ত্র ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে এটিকে রুশ ফেডারেশনে একীভূত করে নেয় মস্কো। এ ঘটনার তীব্র নিন্দা জানায় পাশ্চাত্যপন্থি ইউক্রেন সরকারের সমর্থক ইইউ ও আমেরিকা। তারা ২০১৪ সালের জুলাই মাসে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পাশ্চাত্য অভিযোগ করছে, পূর্ব ইউক্রেনের আরো দু’টি প্রজাতন্ত্রে চলমান সংঘাতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া।

এদিকে, ২০১৪ সালেরই আগস্ট মাসে আমেরিকা ও ইইউ’র বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় মস্কো। রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞায় যোগদানকারী দেশগুলোতে তৈরি খাদ্যপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।

এখন পর্যন্ত দু’পক্ষই ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এসেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮