পরমাণু পরীক্ষার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করল সিউল এবং টোকিও
উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে আজ(শুক্রবার) এ যাবৎ কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান এর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই একে পিয়ংইয়ং’এর জন্য ‘আত্ম-বিনাশী’ হিসেবে অভিহিত করেছেন। পরমাণু বোমার পরীক্ষার খবর পাওয়ার পর লাওস সফর সংক্ষিপ্ত করেছেন তিনি। এ পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কথিত ‘বাতিকগ্রস্ত অদূরদর্শী’ মানসিকতা ফুটে উঠেছে বলে দাবি করেন পার্ক। তিনি বলেন, কিম জং-উনের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা এবং তাদেরকে আরো একঘরে করা হবে। এ জাতীয় উত্তেজনা উস্কে দেয়া উত্তর কোরিয়ার জন্য আত্ম-বিনাশী হবে বলেও দাবি করেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পরমাণু পরীক্ষার দ্রুত কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মিত্রদের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আরো বলেন, তার ভাষায়, উত্তর কোরিয়া যদি সত্যিই পরমাণু পরীক্ষা চালিয়ে থাকে তবে জাপান তা ক্ষমা করতে পারবে না। জাপানসহ মিত্রদেশগুলোকে এ পরীক্ষার কঠোর প্রতিবাদ করতে হবে বলেও জানান তিনি।
এদিকে আমেরিকা বলেছে পরমাণু পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর নজর রাখছে ওয়াশিংটন।
অবশ্য উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত চীন এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।#
পার্সটুডে/মূসা রেজা/৯