বিশ্বকে প্রতিবছর বায়ু দূষণের কারণে গচ্ছা দিতে হয় ৫.১ ট্রিলিয়ন ডলার
https://parstoday.ir/bn/news/world-i19690-বিশ্বকে_প্রতিবছর_বায়ু_দূষণের_কারণে_গচ্ছা_দিতে_হয়_৫.১_ট্রিলিয়ন_ডলার
বিশ্ব অর্থনীতিকে বায়ু দূষণ জনিত অকাল মৃত্যুর কারণে প্রতিবছর ৫.১ ট্রিলিয়ন ডলার আর্থিক গচ্ছা দিতে হয়। ব্রিটেনের বাৎসরিক অর্থনৈতিক উৎপাদনের দ্বিগুণ অর্থ এ ভাবে গচ্ছা দিতে হয় বলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১১:৪৩ Asia/Dhaka
  • বিশ্বকে প্রতিবছর বায়ু দূষণের কারণে গচ্ছা দিতে হয় ৫.১ ট্রিলিয়ন ডলার

বিশ্ব অর্থনীতিকে বায়ু দূষণ জনিত অকাল মৃত্যুর কারণে প্রতিবছর ৫.১ ট্রিলিয়ন ডলার আর্থিক গচ্ছা দিতে হয়। ব্রিটেনের বাৎসরিক অর্থনৈতিক উৎপাদনের দ্বিগুণ অর্থ এ ভাবে গচ্ছা দিতে হয় বলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

ঘরে এবং বাইরে বায়ু দূষণের অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বায়ু দূষণে জনিত সমস্যায় বিশ্বে বছরে প্রতি ১০জনের মধ্যে একজন অকালে মারা যায়। অর্থাৎ প্রতিবছর এ ভাবে মারা যায় ৫৫ লাখ মানুষ।

বায়ু দূষণের ফলে এশিয়ার উন্নয়নশীল যে সব দেশ ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে শীর্ষে রয়েছে চীন। ২০১৩ সালে দেশটিতে এ কারণে মোট জিডিপির ১০ শতাংশ গচ্ছা দিতে হয়। এ ছাড়া, শ্রীলংকা ও কম্বোডিয়াকে গচ্ছা দিতে হয়েছে প্রায় আট শতাংশ। আর ভারতকে দিতে হয়েছে সাত শতাংশের বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতেই বায়ু দূষণ থেকে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। ২০১‌৩ সালের বায়ু দূষণে ফলে ৯৩ শতাংশ মৃত্যু হয়েছে এ সব দেশে। পাশাপাশি এ থেকে সৃষ্ট সাধারণ অসুখ-বিসুখের ৯০ শতাংশও এ সব দেশেই ঘটেছে। 

অবশ্য বায়ু দূষণের ছোবল থেকে নিরাপদ থাকতে পারে নি উন্নত দেশগুলো। বায় দূষণ জনিত কারণে অকাল মৃত্যু এবং রোগ-ব্যাধির ফলে ব্রিটেনকে ৭৬০ কোটি ডলার গচ্ছা দিতে হয়েছে। জার্মানির গচ্ছার পরিমাণ ১৮ হাজার কোটি ডলার। আর এ খাতে আমেরিকার গচ্ছার পরিমাণ সাড়ে চার হাজার কোটি ডলার।#

পার্সটুডে/মূসা রেজা/৯