৯/১১’র ঘটনায় সৌদির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে আমেরিকায় বিল পাস
https://parstoday.ir/bn/news/world-i19735-৯_১১’র_ঘটনায়_সৌদির_বিরুদ্ধে_মামলার_অনুমতি_দিয়ে_আমেরিকায়_বিল_পাস
মার্কিন প্রতিনিধি পরিষদ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যামেরিকার নাগরিকদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে একটি বিল পাস করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ২০:২৬ Asia/Dhaka
  • ৯/১১’র ঘটনায় সৌদির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে আমেরিকায় বিল পাস

মার্কিন প্রতিনিধি পরিষদ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যামেরিকার নাগরিকদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে একটি বিল পাস করেছে।

সাধারণভাবে ৯/১১ নামে পরিচিত ওই হামলার ১৫তম বার্ষিকীর আগে বিলটি পাস করা হলো। বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদে কোনো বিরোধিতা ছাড়াই আজ (শুক্রবার) অনুমোদিত হয়েছে। অবশ্য, হোয়াইট হাউস ওই বিলের বিরুদ্ধে ভেটো দেবে বলে হুমকি দিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ৩৮১৫ নম্বর প্রস্তাবটি জাস্টিস এগেনেইস্ট স্পনসরস অব টেরোরিজম অ্যাক্ট বা ‘জাসটা’ নামেও পরিচিত। সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার যে দায়মুক্তি এর আগে দেয়া হয়েছিল এ বিলে তা বাতিল করা হয়।

মে মাসে সিনেটে এ বিল একশ’ ভোটে অনুমোদিত হয়েছিল। বিলটির বিপক্ষে সিনেটে কোনো ভোট পড়ে নি। এদিকে আজ সর্বসম্মতভাবে অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিলটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটোকে উপেক্ষা করতে পারবে প্রতিনিধি পরিষদ ।

২০০১ সালে ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং পেন্টাগনে ছিনতাই করা একাধিক যাত্রীবাহী বিমান দিয়ে আঘাত হানার ঘটনায় ১৯ ব্যক্তি জড়িত ছিল। এদের মধ্যে ১৫ জন সৌদি নাগরিক ছিল। ওয়াশিংটনে ব্যাপক অর্থব্যয়ে অনেক তদবিরকারী নিয়োগের মাধ্যমে বিলটি ঠেকানোর প্রাণপণ চেষ্টা করেছে সৌদি আরব।#

পার্সটুডে/মূসা রেজা/৯