আবার পরমাণু বোমার পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া!
https://parstoday.ir/bn/news/world-i19924-আবার_পরমাণু_বোমার_পরীক্ষা_চালাবে_উত্তর_কোরিয়া!
উত্তর কোরিয়া আরেক দফা পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহোপ সংবাদ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, দেশটি ‘সর্ববৃহৎ পরমাণু বোমা’র পরীক্ষা চালানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার একই ধরনের প্রস্তুতি নিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৬ ০৪:০৪ Asia/Dhaka
  • আবার পরমাণু বোমার পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া!

উত্তর কোরিয়া আরেক দফা পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহোপ সংবাদ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, দেশটি ‘সর্ববৃহৎ পরমাণু বোমা’র পরীক্ষা চালানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার একই ধরনের প্রস্তুতি নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবরে বলা হয়েছে, সিউল ধারণা করছে,  পরীক্ষা কেন্দ্রে এবার এমন একটি সুড়ঙ্গ  ব্যবহার করা হবে যা এর আগে কখনো ব্যবহার করা হয় নি। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রটি দেশটির একটি পার্বত্য  এলাকায় অবস্থিত ।

উত্তর কোরিয়া পরমাণু বোমাকে ক্ষুদ্রাকৃতি করার প্রয়োজনীয় প্রযুক্তি অর্জন করেছে বলে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ার পরই নতুন করে এ বোমা পরীক্ষার প্রস্তুতি নেয়ার খবর বের হলো।

গত ৯ সেপ্টেম্বর  পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার  বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। দেশটির নেতা কিম জং-উনের মুখপাত্র এ সব অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। এ উত্তর কোরিয়া পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া এ পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশটি হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর দাবি করেছিল।

পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য পিয়ংইয়ং এ সব নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই এ ধরনের পরীক্ষা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১২