উ. কোরিয়ার সীমান্তের কাছে টহল দিল মার্কিন পরমাণু বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/world-i19993-উ._কোরিয়ার_সীমান্তের_কাছে_টহল_দিল_মার্কিন_পরমাণু_বোমারু_বিমান
দক্ষিণ কোরিয়ার আকাশে আজ (মঙ্গলবার) আমেরিকার দুটি কৌশলগত ভারী পরমাণু বোমারু বিমান বি-১ ল্যান্সার টহল দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ০৭:৪৫ Asia/Dhaka
  • উ. কোরিয়ার সীমান্তের কাছে টহল দিল মার্কিন পরমাণু বোমারু বিমান

দক্ষিণ কোরিয়ার আকাশে আজ (মঙ্গলবার) আমেরিকার দুটি কৌশলগত ভারী পরমাণু বোমারু বিমান বি-১ ল্যান্সার টহল দিয়েছে।

গুয়ামের মার্কিন ঘাঁটি থেকে কৌশলগত বিমান দুটি উড়ে গিয়ে উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ায় টহল দিয়েছে। টহলের সময়ে দক্ষিণ কোরিয়ার ওসান বিমানঘাঁটির আকাশে খুব নিচু দিয়ে ধীর গতিতে উড়েছে বিমান দু’টি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে এ ঘাঁটি অবস্থিত।

মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানের প্রহরায় বি-১ ল্যান্সার দু’টি কোরিয়ার আকাশে টহল দেয়। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনা কমান্ডার জেনারেল ভিনসেন্ট ব্রুক একে প্রতীকী উড্ডয়ন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এতে ওয়াশিংটন এবং সিউলের মধ্যে বিরাজমান জোরালো সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে।

পরমাণু বোমা বহনে সক্ষম চার ইঞ্জিনের বি-১ ল্যান্সার বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে।

গত শুক্রবার উত্তর কোরিয়ার পঞ্চম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর পরই বি-১ বিমান দক্ষিণ কোরিয়ার আকাশে টহল দিল। মার্কিন  এ পদক্ষেপের মাধ্যমে কোরিয় উপদ্বীপে উত্তেজনা আরো উসকে দেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩