মার্কিন সঙ্গ ছাড়ছে ফিলিপাইন: চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে
ফিলিপাইন মার্কিন স্বার্থ থেকে পৃথক এবং স্বতন্ত্র পররাষ্ট্র ও সামরিক নীতি অনুসরণ করবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে টেলিভিশন ভাষণে এ ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেছেন, চীনের সঙ্গে যে কোনো ধরণের সংঘর্ষ এড়ানোর চেষ্টায় আমেরিকার সঙ্গে যৌথ টহল দেয়া বন্ধ করবে ফিলিপাইনের নৌবাহিনী।
মিত্রদের সঙ্গে আচরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে উল্লেখ করে তিনি বলেন, চীন ও রাশিয়ার কাছ থেকে নতুন অস্ত্র সংগ্রহের চেষ্টা করবে দেশটি। ফিলিপাইনের সন্ত্রাস ও গেরিলা তৎপরতা বন্ধে এসব অস্ত্র সংগ্রহের চেষ্টা চালানো হবে।
বিতর্কিত দ্বীপপুঞ্জে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপ গড়ে তোলার জবাবে গত এপ্রিল মাস থেকে দক্ষিণ চীন সাগরে আমেরিকার সঙ্গে যৌথ নৌ-টহল শুরু করেছিল ফিলিপাইনের নৌবাহিনী।
মার্কিন নিরাপত্তা নীতির প্রকাশ্য সমালোচনাকারী ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, মিত্রদের সঙ্গে সম্পর্ক বা সামরিক সম্পর্ক ছেদ করবে না ম্যানিলা। তবে স্বতন্ত্র পররাষ্ট্র নীতি এবং স্বতন্ত্র অবস্থান গ্রহণ করবে দেশটি। এরই প্রথম পদক্ষেপ হিসেবে দক্ষিণ চীন সাগরে মার্কিন নেতৃত্বাধীন যৌথ টহল বন্ধ করা হবে বলে ঘোষণা করেন তিনি। এছাড়া, মার্কিন অস্ত্রের ওপর দেশটির একতরফা নির্ভরতাও কমানো হবে বলে জানান তিনি। চীন এবং রাশিয়া অস্ত্র কেনার বিষয়ে ফিলিপাইনকে স্বল্প সুদে ২৫ বছরের ঋণ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন রদ্রিগো দুতের্তে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪