৯/১১ ষড়যন্ত্রে জড়িত ছিলেন সৌদি রাজপরিবারের এক সদস্য!
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে হয়ত সৌদি রাজপরিবারের এক সদস্য জড়িত ছিলেন। বোমা তৈরির দায়ে অভিযুক্ত আল-কায়েদা সদস্য ঘাসান আবদুল্লাহ আশ-শারাবি গুয়ান্তানামো বন্দী শিবিরের মার্কিন সেনা কর্মকর্তাকে এ তথ্য দিয়েছেন। পেন্টাগনের সম্প্রতি প্রকাশিত কথোপকথনের প্রতিলিপি থেকে এ তথ্য পাওয়া গেছে।
আশ-শারাবি আমেরিকার অ্যারিজোয়ানার একটি কলেজে লেখাপড়া করতেন। সৌদি আরবের ওয়াহাবি এক আলেম তাকে আমেরিকায় ফিরে যেতে এবং মার্কিনিদের বিরুদ্ধে তৎপরতা চালানোর আহ্বান জানান। এ ধরনের তৎপরতা চালানোর জন্য আশ-শারাবিকে বিমান চালানো শিখতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। অবশ্য তাকে এমন অনুরোধ করার আগে একজনের সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন ওই আলেম। আলাপের সময় তাকে “ইয়োর হাইনেস” বলে তিনি সম্বোধন করছিলেন।

গুয়ান্তানামোর পর্যালোচনা বোর্ডকে এ কথোপকথনের বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছিলেন আশ-শারাবি। কথোপকথনের একটি প্রতিলিপি বৃহস্পতিবার পেন্টাগন প্রকাশ করেছে এবং এর অংশ-বিশেষ কালো করে দেয়া হয়েছিল।
অবশ্য এতে সৌদি রাজপরিবারের সদস্যের পরিচয় প্রকাশ করা হয় নি কিংবা বা আশ-শারাবির বক্তব্য কতটা গ্রহণযোগ্য তারও মূল্যায়ন করা হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৭